তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের ‘রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ’-এর ইউনিটের উদ্যোগে শুরু হল ব্যাপক সদস্য সংগ্রহ অভিযান। ‘রাষ্ট্রহিত, প্রদেশহিত এবং কর্মচারীহিত’— মূলত এই ত্রিবিধ আদর্শকে সামনে রেখে সংগঠনটি তাদের কর্মসূচি গ্রহণ করেছে। ২০১৯-২০ বর্ষে নিবন্ধীকৃত এই সরকারি কর্মচারী সংগঠনটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন ‘বিএমএস’ সমর্থিত এবং ‘জিইএনসি’ ও ‘রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ’ দ্বারা অনুমোদিত। এটি মূলত ‘আরএসএস’-এর আদর্শে পরিচালিত একটি সংগঠন। এই সদস্য সংগ্রহ অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার ১২ জুন ঘাটাল এবং দাসপুরে সংগঠনের তরফে বিশেষ পরিচয় পর্ব সভার আয়োজন করা হয়। ওই সংগঠনের ঘাটাল মহকুমার দুই কার্যকর্তা রমাপ্রসাদ চক্রবর্তী এবং তন্ময় বিদ বলেন, ওই দিন দাসপুর মিলন মঞ্চে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক তপন দত্ত এবং স্বরূপ সামুই। অন্যদিকে, ঘাটাল এসডিও অফিসে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব আশিস মুখোপাধ্যায়, বিকাশ মান্না, অম্লান মাইতি প্রমুখ।
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, ঘাটাল মহকুমার সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, পিডব্লিউডি এবং এসডিও অফিস সহ মোট উনিশটি সরকারি দপ্তরের কর্মচারীরা এই পরিচয় পর্ব সভায় অংশগ্রহণ করেন। দুটি সভা মিলিয়ে প্রায় সত্তর জন সরকারি কর্মচারী এই দিন উপস্থিত ছিলেন।



