তৃপ্তি পাল কর্মকার, ঘাটাল: ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার হাতবদল ঘটল। দুর্নীতির অভিযোগে পূর্বতন প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার নতুন প্রধান নির্বাচিত হলেন চন্দনা রায়। এদিন পঞ্চায়েতের উপস্থিত ৯ জন সদস্যের সর্বসম্মত সমর্থনে (৯-০) তিনি প্রধান নির্বাচিত হন। উপস্থিত সদস্যদের মধ্যে বিজেপির ছ’জন এবং তৃণমূলের তিনজন ছিলেন। বিধায়ক শীতল কপাট জানান, শান্তিপূর্ণভাবেই প্রধান নির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৪ আসনের এই পঞ্চায়েতে ২০২৩ সালের নির্বাচনে তৃণমূল আটটি এবং বিজেপি ছ’টি আসনে জয়ী হয়েছিল। তৃণমূলের মৌসুমী ঘাঁটি প্রধান হন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির ছ’জন ও তৃণমূলের দু’জন সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। ৬ নভেম্বর বোর্ড ভেঙে দেওয়া হয়। তবে অনাস্থা প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদায়ী উপপ্রধান শেখ নজরুল ইসলাম। তাঁর অভিযোগ, অনাস্থা আনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি।
ঘাটালের মনোহরপুরে নতুন প্রধান হলেন চন্দনা রায়








