কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপন সূত্রে খবর পেয়ে গোরু পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ঘাটাল থানার পুলিশ। পাচার হওয়ার আগেই উদ্ধার করা হল ৮টি গোরু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঘাটাল থানার সাহেবঘাট সংলগ্ন কালীচক এলাকায় এই অভিযান চালানো হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীচক এলাকা দিয়ে অবৈধভাবে গোরু পাচার করা হচ্ছে বলে আগে থেকেই খবর ছিল প্রশাসনের কাছে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ঘাটাল থানার পুলিশের একটি বিশেষ দল সাহেবঘাট সংলগ্ন এলাকায় ওত পেতে থাকে এবং আচমকা অভিযান চালায়। পুলিশকর্মীদের উপস্থিতি টের পেয়েই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তবে পুলিশের তৎপরতায় তিন পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করা সম্ভব হয়। তাদের হেফাজত থেকে মোট ৮টি গোরু উদ্ধার করা হয়েছে। গোরুগুলি নিয়ে যাওয়ার সপক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার হওয়া গোরুগুলিকে আপাতত নিরাপদে ঘাটাল থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে। এই গোরুগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কী উদ্দেশ্যে এবং ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পিছনে কোনও বড়সড় গোরু পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, এবং এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকা দিয়ে যাতে এই ধরনের বেআইনি কারবার আর না চলতে পারে, সেজন্য আগামী দিনেও পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
গোরু পাচারের আগেই ঘাটালে পুলিশের হানা, উদ্ধার ৮, গ্রেপ্তার ৩








