ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহালয়া বাঙালির কাছে দেবীপক্ষের সূচনা, ভোরের আলপনা কাটা আকাশে মহিষাসুরমর্দিনীর চণ্ডীপাঠের সুর, আর সেই সঙ্গে রেডিওর স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল, টিভি, ইউটিউব সবই এসে গিয়েছে ঘরে ঘরে। কিন্তু মহালয়ার আগের মুহূর্তে রেডিওর চাহিদা এখনো কমেনি।
এলাকার বিভিন্ন রেডিও-টিভি সারানোর দোকানদাররা জানাচ্ছেন, বছরের অন্য সময় প্রায় কেউই রেডিও সারাতে আসেন না। কিন্তু মহালয়ার আগে ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। ভোরের সেই চেনা সুর শোনার টানে অনেকে পুরনো রেডিও মেরামত করাতে দোকানে ভিড় জমান।
একজন দোকানদার বলেন, বছরের বাকি সময় রেডিও নিয়ে কাজই নেই। কিন্তু মহালয়ার আগে মানুষ নিজের বাড়ির পুরনো রেডিও নিয়ে আসেন। এই সময়টুকুই আমাদের কাছে রেডিও সারানোর সিজন। তাই মহালয়া এলেই যেন আবার নতুন জীবন পায় সেই ধুলো জমা পুরনো রেডিও।









