এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কীভাবে জন্ম এই বাবরসার? কেনই বা এমন অদ্ভুত নাম?

Published on: November 15, 2026 । 7:47 PM

সৌমেন মিশ্র , স্থানীয় সংবাদ, ঘাটাল: একটা মিষ্টি! অথচ তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস। কোথাও বর্গীদের আক্রমণ, কোথাও এক ইংরেজ সাহেব, আবার কোথাও মুঘল সম্রাটের নাম!

মাত্র ১০ টাকার এই মিষ্টির স্বাদ যেমন অনন্য, তেমনই তার জন্মকাহিনি আরও বেশি চমকপ্রদ!

কথা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের। মিষ্টিটির নাম—বাবরসা!

ক্ষীর থেকে ক্ষীরপাই, আর বাবর থেকে বাবরসা! নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে এই শহরের মিষ্টি ইতিহাস।

কিন্তু কীভাবে জন্ম এই বাবরসার? কেনই বা এমন অদ্ভুত নাম?

চলুন, ফিরে যাই কয়েকশো বছর আগের ক্ষীরপাইয়ে।

জনশ্রুতি অনুযায়ী, একসময় এই এলাকায় প্রচুর গরু পালন হতো। ফলে দুধ আর ঘিয়ের প্রাচুর্য ছিল। কথিত আছে, পুরী যাওয়ার পথে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব একসময় ক্ষীরপাইয়ে বিশ্রামের জন্য তাঁবু ফেলেছিলেন। এলাকার মানুষ তাঁর জন্য প্রচুর দুধ নিয়ে আসেন। সেই দুধ থেকেই তৈরি হয় ক্ষীর। আর সেই ক্ষীর থেকেই নাকি নাম হয় ক্ষীরপাইয়ের।

এবার আসা যাক এই শহরের গর্ব—বাবরসার জন্মকথায়।

এই মিষ্টির নাম নিয়ে রয়েছে একাধিক জনশ্রুতি। তার মধ্যে একটি কাহিনি জড়িয়ে রয়েছে বর্গীদের আক্রমণের সঙ্গে।

কথিত আছে, ১৭৪৮ থেকে ১৭৫৩ সালের কোনও এক সময় বর্গীদের আক্রমণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিল ক্ষীরপাই। শহরকে রক্ষা করার জন্য তৎকালীন ইংরেজ আধিকারিক এডওয়ার্ড বাবরের কাছে আবেদন জানান এলাকার মানুষ।

জনশ্রুতি অনুযায়ী, ক্ষীরপাইয়ের কাছে শ্যামদেবের এলাকায় বর্গীদের আটকে দেন এডওয়ার্ড বাবর।

এরপর পরান আটা নামে এক মিষ্টান্ন ব্যবসায়ী দুধ, ঘি, ময়দা ও মধুর সংমিশ্রণে তৈরি করেন এক অভিনব মিষ্টি। সেই মিষ্টি উপহার দেওয়া হয় এডওয়ার্ড বাবরকে। আর তাঁর নাম থেকেই নাকি মিষ্টির নাম হয় বাবরসা।

আবার অন্য একটি মত বলছে, মুঘল সম্রাট বাবরকে খুশি করতেই নাকি একসময় এই বিশেষ মিষ্টি তৈরি করে পাঠিয়েছিলেন এলাকার মিষ্টান্ন ব্যবসায়ীরা। সম্রাটের প্রশংসা থেকেই মিষ্টির নাম হয় বাবরসা।

ইতিহাসের কোন কাহিনি সত্যি, তা নিয়ে মতভেদ থাকলেও বাবরসার স্বাদ নিয়ে কিন্তু কোনও দ্বিমত নেই!

দুধ, ঘি আর ময়দার মিশ্রণে তৈরি বিশেষ তরল উপকরণ গরম ঘিয়ের মধ্যে ফোঁটা ফোঁটা করে ফেলা হয়। তারপর বেশ কিছুটা সময় ধরে ভাজা হয় যত্নে। তৈরি হয় বিশেষ আকৃতির এই মিষ্টি। মিষ্টির রস কিংবা মধুতে ডুবিয়ে খেলেই মেলে আসল স্বাদ।

তবে সময়ের সঙ্গে বদলেছে তৈরির পদ্ধতি। খাঁটি ঘি আর মধু ব্যবহার করলে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যায়। তাই এখন অনেক ক্ষেত্রেই ঘিয়ের বদলে ডালডা এবং মধুর বদলে মিষ্টির রস ব্যবহার করা হচ্ছে। মাত্র ১০ টাকায় সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে এই ঐতিহ্যবাহী মিষ্টিকে।

আজ ক্ষীরপাইয়ের গণ্ডি পেরিয়ে বাবরসা পৌঁছে যাচ্ছে পার্শ্ববর্তী জেলা থেকে ভিনরাজ্যেও। এই মিষ্টিকে আরও বড় পরিচিতি দিতে বাবরসার জিআই স্বীকৃতির জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে তথ্য অনুসন্ধানের কাজ।

একসময় যে মিষ্টি তৈরি হয়েছিল স্থানীয় মানুষের হাতে, আজ সেটাই হয়ে উঠেছে একটি শহরের পরিচয়।

সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। বদলেছে মানুষের জীবনযাত্রা, বদলেছে মিষ্টি তৈরির উপকরণও। কিন্তু ক্ষীরপাই আর বাবরসার সম্পর্ক আজও অটুট।

এ শুধু একটা মিষ্টি নয়, এ ক্ষীরপাইয়ের ঐতিহ্য, ইতিহাস আর কয়েক প্রজন্মের ভালোবাসার স্বাদ।

তাই পশ্চিম মেদিনীপুরে এলে ক্ষীরপাইয়ের এই বিখ্যাত বাবরসার স্বাদ নিতে ভুলবেন না।

কারণ, কিছু মিষ্টি শুধু জিভে স্বাদ জোগায় না, নিজের সঙ্গে বয়ে নিয়ে চলে একটা গোটা শহরের ইতিহাস!

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।