নিজস্ব সংবাদাতা:রবিবার সকাল, ঘড়িতে তখন প্রায় সাড়ে আটটা। ঘাটাল-পাঁশকুড়া সড়কে ঘাটাল থানার অন্তর্গত বারো হাত কালীমন্দিরের ক্রসিংয়ের কাছে দুর্ঘটনা। ধাক্কায় দুই বাইক ছিটকে যায় রাস্তার দু’দিকে। আহত হন দুই বাইক চালক। তাঁদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে
রূপক মাল ও সৌমেন দোলোই এদের মধ্যে মুখোমুখি বাইকের সংঘর্ষ। দুজনকেই ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের একজনের বাড়ি ঘাটাল প্রতাপপুরে।
ঘাটাল শহরের বিভিন্ন ক্রসিংয়ে বারবার দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। ঘটেছে মৃত্যুর ঘটনাও। তবুও প্রশ্ন উঠছে, কবে বাড়বে বাইক চালকদের সচেতনতা?
হেলমেট না পরে রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন অনেকে। পুলিশ দেখলে জরিমানার ভয়ে রাস্তা বদলানোর প্রবণতা দেখা গেলেও, নিজের জীবন সুরক্ষিত রাখতে হেলমেট পরার ক্ষেত্রে কেন এত অনীহা?
একবার ভাবুন, আপনার সামান্য অসচেতনতার মূল্য দিতে হতে পারে গোটা পরিবারকে। বাড়িতে আপনার অপেক্ষায় রয়েছেন প্রিয়জনেরা।
জরিমানা এড়ানো নয়, জীবন বাঁচানোই হোক লক্ষ্য। হেলমেট পরুন, ট্রাফিক নিয়ম মানুন। কারণ, বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে আপনার পরিবার।







