নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর আরবিও-৬, মেদিনীপুরের উদ্যোগে ১৭ জুন বুধবার মেদিনীপুরে একটি “স্মার্ট অ্যাগ্রি কাস্টমার মিট” আয়োজিত হল। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষিঋণের প্রসার এবং গ্রাহক সেবা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক, কৃষি উদ্যোক্তা ও ব্যাঙ্কের গ্রাহক অংশগ্রহণ করেন। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলএইচও কলকাতার কৃষি ব্যবসা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার অলোক জৈন, হাওড়া মডিউলের ডেপুটি জেনারেল ম্যানেজার পূর্ণেন্দুকান্ত মিশ্র, এজিএম (অ্যাগ্রি সিএমডি, এবিইউ-জিএসএস) ডি. এস. নেগি এবং আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব রঞ্জন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আইনজীবী সমীর ঘোষ প্রমুখ।
ওইদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন কৃষিঋণ প্রকল্প এবং কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি সহায়তা ও ঋণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণের ফলে উৎপাদন বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং আয়ের সম্ভাব্য উন্নতি সম্পর্কে উপস্থিত কৃষকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে নবীন কৃষি উদ্যোক্তাদের একাধিক সফলতার কাহিনী তুলে ধরা হয়, যা ব্যাঙ্ক ও তার ব্যবসায়িক অংশীদারদের যৌথ অগ্রগতির উজ্জ্বল নিদর্শন হিসেবে উপস্থিতদের অনুপ্রাণিত করে। এছাড়াও গ্রাহকদের আর্থিক সুরক্ষা ও সম্পদ বৃদ্ধির লক্ষ্যে SBI Life Insurance, SBI General Insurance এবং SBI Mutual Fund-এর বিভিন্ন গ্রাহক মূল্য সংযোজনমূলক পণ্য সম্পর্কে আলোচনা করা হয়। সভায় এসবিআই-এর বিভিন্ন আমানত (Deposit) প্রকল্প এবং ট্রানজ্যাকশন ব্যাংকিং পরিষেবার সুবিধাগুলিও তুলে ধরা হয়। নব-অনুমোদিত কয়েকজন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণ মঞ্জুরি পত্র (Sanction Letter) তুলে দেওয়া হয়। এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসবিআই-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।






