এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মারুতির চাকায় পিষ্ট শিশু

Published on: March 3, 2026 । 9:43 PM

রবীন্দ্র কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: মঙ্গলবার সন্ধ্যায় দোল উৎসবের আনন্দ নিমেষের মধ্যে শোকে বদলে গেল দাসপুর থানার খানজাপুরে। মারুতির চাকায় পিষ্ট হয়ে মৃ/ত্যু হল তিন বছরের এক শিশুর। মৃ/ত শিশুর নাম রীতম দোলই (৩)। শিশুর বাড়ি ভগবতীপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দোল পূর্ণিমা উপলক্ষে ঘাটাল-রানিচক রাস্তার ধারে খানজাপুর শীতলা মন্দিরের সামনে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্স বাজিয়ে নাচানাচি করছিলেন স্থানীয়রা। সন্ধ্যা নাগাদ বছর তিনেকের শিশু রীতম তার জেঠু পরিমল দোলইয়ের মোটরসাইকেলে চেপে ওই উৎসবে গিয়েছিল। বক্স বাজার জায়গাটি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে বাইক থেকে নামার সময় রানিচকের দিক থেকে আসা একটি দ্রুতগামী মারুতি গাড়ি তাকে পিষে দেয়। খানজাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সমীরণ বাগ জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ওই মারুতি গাড়িতেই তড়িঘড়ি ঘাটালের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃ/ত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক গাড়ির চালকের শাস্তির দাবিতে এবং ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিতে কুরনির পোলের সামনে বর্তমানে পথ অবরোধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছে।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177