নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েতের বাড়ি তৈরির কাজের বিল মঞ্জুর করাতে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের জোৎঘনশ্যাম গ্রামপঞ্চায়েতের নির্মাণ সহায়ক রূপক মিশ্রের বিরুদ্ধে। ঠিকাদার রণজিৎ হাজরা এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আগামী সপ্তাহে তদন্ত শুরু হবে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের কাজের সময় পঞ্চায়েত চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর একটি ভবনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পঞ্চায়েত তহবিল থেকে ২ লক্ষ ৯৯ হাজার ৮৫০ টাকা বরাদ্দ করে ভবনটি মেরামতির দায়িত্ব দেওয়া হয় রণজিৎবাবুকে। তাঁর দাবি, বৈদ্যুতিক কাজ-সহ মেরামতি শেষ করে বিল জমা দেওয়ার পরেই টাকা চাওয়া হয়। কাজের লাভ সামান্য হওয়ায় ওই টাকা দিতে রাজি হননি তিনি। এরপরই প্রশাসনের কাছে অভিযোগ জানান। অন্য কয়েকজন ঠিকাদারেরও দাবি, এর আগেও কাজের বিল পেতে ১০-১২ শতাংশ পর্যন্ত টাকা দিতে হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে রূপকবাবুর বক্তব্য, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। বিষয়টি ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা পলাশ প্রামাণিক অভিযোগের তদন্ত ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন।
কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে







