কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: ‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে অবিলম্বে নদী এবং বড় নিকাশি খালগুলি সংস্কারের দাবিতে সরব হল মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি এবং ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। আগামী বর্ষার আগে কেলেঘাই-বাগুই-চণ্ডীয়া সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত যাবতীয় নদী এবং নিকাশি খালগুলির সংস্কার কাজ যাতে পুজোর পর-পরই শুরু করা যায়, সেই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আগেই একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। সেই দাবির সূত্র ধরেই মঙ্গলবার ৬ অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের আধিকারিক দীপ ভাদুড়ীর সঙ্গে দেখা করেন ওই দুই কমিটির প্রতিনিধিরা। সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে দ্রুত কাজ শুরুর জন্য তাঁর কাছে জোরালো আবেদন জানানো হয়। ওই কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অতি দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ওই আধিকারিক। বন্যা পরিস্থিতি ও নদীভাঙনের দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ করবে বলে আশাবাদী প্রতিনিধি দল।
‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি







