এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্বামী বিবেকানন্দের ঘরের মঞ্চে ঘাটালের অনলের ত্রিবিজয়

Published on: September 28, 2026 । 10:46 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য উত্তর কলকাতার পৈতৃক ভবন ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত বার্ষিক সর্বভারতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একাধিক বিভাগে জাতীয় ফাইনালে জায়গা করে নিলেন স্কটিশ চার্চ কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অনল চক্রবর্ত্তী। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাছাইপর্ব পেরিয়ে তিনি একই সঙ্গে তিনটি বিভাগে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।

রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভবন ও সাংস্কৃতিক কেন্দ্রের এই বার্ষিক প্রতিযোগিতায় রয়েছে বক্তৃতা, আবৃত্তি, সঙ্গীত, প্রবন্ধ রচনা, এলোকিউশন, সংস্কৃত স্তোত্রপাঠ, অঙ্কন, কুইজ এবং যোগাসনসহ একাধিক বিভাগ। প্রতিটি বিভাগেই বয়সভিত্তিক বিভিন্ন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনল অংশগ্রহণ করেছেন ক্যাটেগরি তৃতীয় (গ্রুপ C-তে।) তাঁর নির্বাচিত তিনটি বিভাগ হল এলোকিউশন, প্রবন্ধ রচনা এবং কুইজ। প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল “স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে প্রবুদ্ধ ভারত”। এলোকিউশন প্রতিযোগিতার বিষয় ছিল “প্রবল বিশ্বাসই বড় বড় কার্যের জনক”। অন্যদিকে স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয় গত ১৩ সেপ্টেম্বর। তিন ক্ষেত্রেই বাছাইপর্বের প্রতিযোগিতা অতিক্রম করে অনল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন।

প্রবন্ধ রচনা বিভাগের জাতীয় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর, স্বামী বিবেকানন্দের পৈতৃক ভবনে। এলোকিউশন বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর, শনিবার, একই প্রাঙ্গণে। স্বামী বিবেকানন্দ বিষয়ক কুইজের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। তবে স্বামীজির পৈতৃক ভবনের সঙ্গে অনল চক্রবর্ত্তীর সম্পর্ক এই প্রথম নয়। এর আগেও এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তাঁর সাফল্য রয়েছে। ২০২১ সালে, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুরের ছাত্র থাকাকালীন তিনি স্বামী বিবেকানন্দের পৈতৃক ভবনের আয়োজিত রাজ্যস্তরের বাণীপাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর ২০২৩ সালে রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে স্বামীজির পৈতৃক ভবন আয়োজিত জাতীয় স্তরের আলোচনা প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান অর্জন করেন।

ইংরেজি বিভাগের ছাত্র অনল চক্রবর্ত্তী দীর্ঘদিন ধরেই বক্তৃতা, বিতর্ক, কুইজ, প্রবন্ধ রচনা এবং সঞ্চালনার সঙ্গে যুক্ত। তাঁর এই সাফল্যের বিশেষ তাৎপর্য রয়েছে স্বামী বিবেকানন্দের ভাবধারার সঙ্গে তাঁর দীর্ঘদিনের নিবিড় সংযোগের প্রেক্ষিতে। অনলের কথায়, “আমার কাছে ঠাকুর হৃদয়ের পদ্ম, মা তার স্নিগ্ধ শিশির, আর স্বামীজি সেই পদ্মকে সূর্যের দিকে মেলবার অগ্নিসূর্য। তাঁরাই আমার জীবনের পথচলার জাগ্রত শঙ্খধ্বনি।”

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177