এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে

Published on: August 3, 2026 । 7:42 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  রাজ্যের অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস-কাম-মেরিট স্কলারশিপ এক্সামিনেশন বা এনএমএমএসই-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। আগামী ২০ ডিসেম্বর, ২০২৬ তারিখে রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। যে সমস্ত ছাত্রছাত্রী রাজ্য সরকারের অধীনস্থ, সরকার পোষিত, অথবা স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা পরিচালিত বিদ্যালয় এবং মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে  তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে পড়ুয়াদের বিদ্যালয়ের কোনও আবাসিক সুবিধা থাকলে চলবে না এবং আবেদনের জন্য সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। তপশিলি জাতি, উপজাতি এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেলেও চলবে। কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, রাজ্য সরকারের আবাসিক বিদ্যালয় অথবা কোনও বেসরকারি স্কুলের পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না। আবেদনকারী পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় সমস্ত উৎস মিলিয়ে তিন লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে। আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের দেওয়া আয়ের শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।   ২৮ জুলাই, ২০২৬ থেকে অনলাইনের মাধ্যমে স্কুল শিক্ষা দপ্তরের স্কলারশিপ পোর্টাল অর্থাৎ ‘বাংলার শিক্ষা’ ওয়েবসাইটে গিয়ে আবেদন নেওয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর, ২০২৬। • আবেদন করার লিঙ্ক ➡️ অনলাইনে ফর্ম পূরণের পর তা প্রিন্ট করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর ও সিলমোহর যুক্ত শংসাপত্র পোর্টালে আপলোড করতে হবে। এর পাশাপাশি আয়ের শংসাপত্র, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধকতার শংসাপত্র এবং পাসপোর্ট মাপের ছবি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করা আবশ্যিক। আবেদনকারীর নিজস্ব বা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন এবং আধার কার্ড থাকলে সেই অ্যাকাউন্টের সঙ্গে তা যুক্ত থাকতে হবে।  এই বৃত্তি পরীক্ষাটি মূলত দুটি ধাপে নেওয়া হবে। প্রথম ধাপে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক দক্ষতার পরীক্ষা, যেখানে ৯০টি বহুবিকল্পভিত্তিক বা এমসিকিউ প্রশ্নের জন্য ৯০ নম্বর বরাদ্দ থাকবে এবং সময় দেওয়া হবে ৯০ মিনিট। দ্বিতীয় ধাপে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা বিষয়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পর্বেও ৯০ নম্বরের ৯০টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এর সময়সীমাও ৯০ মিনিট। বিষয়ভিত্তিক পরীক্ষার মধ্যে থাকবে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। সপ্তম এবং অষ্টম শ্রেণির পাঠ্যক্রমের ওপর ভিত্তি করেই এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে এবং পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং বা ঋণাত্মক মূল্যায়ন নেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।