নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: স্কুল চলাকালীন পঠনপাঠন বন্ধ রেখে মাঠজুড়ে চলছে ক্রিকেটের আসর, সঙ্গে চড়া সুরে বাজছে সাউন্ড বক্স বাজানোর অভিযোগ উঠল মনশুকা এল এন হাই স্কুলের বিরুদ্ধে। সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অথচ গুরুত্বপূর্ণ সময়ে ১৯ মার্চ বৃহস্পতিবার এই চরম বিশৃঙ্খলায় ক্ষোভে ফেটে পড়ছেন অভিভাবকরা। অভিযোগ, ঘড়ির কাঁটায় যখন ক্লাস হওয়ার কথা, তখন সব পঠনপাঠন শিকেয় তুলে স্কুলের ভেতর দিব্যি খেলাধুলা আর উৎসবের মেজাজ। তার সঙ্গে মাইক আর সাউন্ড বক্সের দাপটে পড়াশোনার পরিবেশ সম্পূর্ণ বিঘ্নিত। এমনকি স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকা এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মানিক মণ্ডল নামে এক অভিভাবক, পরিস্থিতির কথা জানিয়ে শিক্ষা দপ্তর এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ইমেইল মারফত লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রামাণ্য হিসেবে ভিডিও এবং ছবিও পাঠানো হয়েছে। এবিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শান্তুনু বেরা বেরা বলেন, পড়ুয়া থেকে শুরু করে সবার অনুমতি নিয়েই আজ স্কুলের ইন্টার ক্রিকেট ম্যাচ এবং তার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে একটি সেমিনার হয়েছে। এর জন্য তারস্বরে কোনও মাইক বাজানো হয়নি। স্কুলের প্রার্থনার মাইক ব্যবহার করা হয়েছিল। তবুও কেন অভিযোগ উঠল বুঝে উঠতে পারছি না।






