এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শ্রীবরায় অনুষ্ঠিত হল বিবেক উৎসব ও মেলা

Published on: February 27, 2026 । 4:35 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
আমার কলম ঘাটাল মহকুমার জীবনবোধের শরিক। আমি সামাজিক সমস্যার নিভৃত কান্না, অভাবের নীরব দীর্ঘশ্বাস এবং সাধারণ মানুষের গভীর অভিযোগের সুর শুনতে ভালোবাসি। আমার লেখনি আলো-আঁধারের গাঢ় পটভূমি এড়িয়ে চলে। খুন-খারাপি, রাজনৈতিক জটিলতা বা তীব্র দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য আমার উপজীব্য নয়। আমি ডুব দিই লোকায়ত জীবনের সরল জটিলতায়—ঘাটালের ধূলিকণা ও মানুষের আশা-হতাশা—এরাই আমার লেখনির প্রাণ। যা আমি ‘স্থানীয় সংবাদ’-এর মাধ্যমে তুলে ধরি।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রতি বছরের মতো এবারও দাসপুর-২ ব্লকের শ্রীবরা এলাকায় সাড়ম্বরে উদযাপিত হল ‘বিবেক উৎসব ও মেলা ২০২৬’। শ্রীবরা বিবেকানন্দ সংঘের পরিচালনায় এটি ছিল তাঁদের ৬২তম বর্ষের অনুষ্ঠান।  ২৩ ফেব্রুয়ারি মনসা মাতার আরাধনার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়েছিল।  ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ২৭  ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছিল সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ। সংঘের সভাপতি সতীপ্রসাদ চক্রবর্তী এবং সম্পাদক গণেশ চক্রবর্তী বলেন, উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ক্লাব সূত্রে জানা গিয়েছে, উৎসবের দিনগুলিতে আল্পনা, অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার পাশাপাশি ছিল হরেক রকমের ক্রীড়া প্রতিযোগিতা। শ্লো সাইকেল রেস থেকে শুরু করে কুইজ এবং ‘যেমন খুশি সাজো’— বাদ ছিল না কিছুই। বিশেষ আকর্ষণ হিসেবে গত ২৪  ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল ‘বিবেক কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। প্রয়াত বিশ্বজিৎ কারক স্মৃতি ট্রফির জন্য লড়াই করেছিল মোট ৮টি ফুটবল দল। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকার নগদ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালিও ছিল বেশ সাজানো। ২৫  ফেব্রুয়ারি মঞ্চস্থ হয়েছিল যাত্রাপালা ‘আমি মানুষ নামের কলঙ্ক’ এবং ২৬  ফেব্রুয়ারি পরিবেশিত হয়েছিল সঙ্ঘের শিল্পীদের নাটক ‘অরুণোদয়ের পথে’। উৎসবের শেষ দিনে রক্তদান শিবিরের পাশাপাশি ছিল আধুনিক নৃত্যের বিশেষ অনুষ্ঠান। সব মিলিয়ে গত কয়েক দিন দাসপুরের শ্রীবরা এলাকা উৎসবের আমেজে মেতে ছিল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।