এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সামনে মদের আসর, রাস্তার ধারে বোতলের স্তূপ! মনশুকায় বিপাকে পথচারী-কৃষক

Published on: September 19, 2026 । 8:51 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাতের সামনে মদের দোকান। সন্ধ্যা নামলেই বসছে মদের আসর। মদ্যপানের পর ব্যবহৃত কাচের বোতল ছুড়ে ফেলা হচ্ছে রাস্তার ধারে, কখনও আবার ধানজমিতে। এই ভাবে ভাঙা মদের বোতল পড়ে থাকার ফলে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশ, অন্যদিকে বিপাকে পড়ছেন পথচারী থেকে কৃষক। শুধু তাই নয় ‘ভিবি জি রামজি’ তথা ১২৫ দিনের কাজের প্রকল্পে রাস্তার দুদিক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকরাও খুবই সমস্যায় পড়ছেন।। ভাঙা কাচে হাত-পা কেটে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে গ্রামপঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। ধানজমিতে পড়ে থাকা কাচের টুকরো নিয়েও চিন্তায় কৃষকেরা। এমনই অভিযোগ উঠেছে ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রামপঞ্চায়েত এলাকায়।
গ্রামপঞ্চায়েতের অভিযোগ, প্রদীপ দোলই নামে এক ব্যক্তি ধাবার আড়ালে এই বাড়িটি থেকে মদ বিক্রি করছেন। ধাবার কাঠামো তৈরি থেকে শুরু করে ধাবা বা মদ বিক্রির কোনও বৈধ লাইসেন্সই নেই বলে পঞ্চায়েতের দাবি। বিষয়টি নিয়ে প্রশাসন ও আবগারি দপ্তরের হস্তক্ষেপের দাবি উঠেছে।
মূলত মনশুকা-১ থেকে মনশুকা-২ গ্রামপঞ্চায়েতে যাওয়ার এই রাস্তার দু’পাশেই পড়ে থাকছে মদের কাচের বোতল। ওই রাস্তা দিয়ে ১২-১৪টি গ্রামের বাসিন্দা ছাড়াও হুগলি জেলার একাংশের মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত রাস্তার পাশে মদের আসর বসে। যেখানে পুরুষ, মহিলা, যুবতী সমস্ত ধরনের মদ্যপরাই এই দোকান থেকে মদ কিনে এলাকাতেই পান করে সেই বোতল রাস্তা ও আশপাশের জমিতে ছুড়ে ফেলে চলে যান ।
সমস্যার কথা জানিয়ে মনশুকা-১ গ্রামপঞ্চায়েতের প্রধান মিলনকুমার পাত্র নিজে উদ্যোগী হয়ে একাধিকবার প্রশাসনিক আধিকারিক ও আবগারি দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। অভিযোগ, পদক্ষেপের আশ্বাস মিললেও পরিস্থিতির বদল হয়নি।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।