নিজস্ব সংবাদদাতা:রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সাম্প্রতিক একটি নির্দেশিকা অনুযায়ী, ঘাটাল মহকুমার চারটি কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতির নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকদের পদটি অবলুপ্ত করে এখন থেকে গভর্নিং বডির সভাপতিরা দায়িত্বভার গ্রহণ করবেন। শিক্ষাদপ্তরের নিয়ম অনুযায়ী, যাঁদের এই সভাপতি পদে মনোনীত করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই স্নাতক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। ঘাটাল মহকুমার যে চারটি কলেজে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে, তার মধ্যে দুটির দায়িত্বে এসেছেন ডেবরা বিধানসভার বিধায়ক শুভাশিস ওম। তাঁকে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় এবং নাড়াজোল রাজ কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়েছে। ডেবরা থানার দাউনিয়ার বাসিন্দা ৪১ বছর বয়সি শুভাশিসবাবু পেশায় একজন হাইস্কুলের শিক্ষক। তাঁর শিক্ষাগত যোগ্যতা পদার্থবিদ্যায় এমএসসি এবং বিএড। অন্যদিকে, চাঁইপাট শহিদ প্রদ্যোৎ ভট্টাচার্য কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে মনোনীত হয়েছেন কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম। বয়স ৪৯ বছর। বেলদার খটনগর গ্রামের বাসিন্দা এই জনপ্রতিনিধিও পেশায় হাইস্কুলের শিক্ষক। তিনি বাংলায় এবং এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিএড উত্তীর্ণ। এছাড়া, চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হয়েছেন সুকান্ত দোলই। চন্দ্রকোণা বিধানসভার খিরাটির বাসিন্দা ৪১ বছর বয়সি সুকান্তবাবু পেশায় হাইস্কুলের একজন শিক্ষাকর্মী। তিনি স্নাতক বা বিএ পাশ। উচ্চশিক্ষা দপ্তরের ওই নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে এই নতুন নিয়োগ কার্যকর করা হয়েছে।
প্রশাসক পদের অবলুপ্তি, ঘাটাল মহকুমার চার কলেজে গভর্নিং বডির নতুন সভাপতি নিযুক্ত





