ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর ১ ব্লকের নাড়াজোল উচ্চ বিদ্যালয়ে দাসপুর ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ প্রতীকীভাবে শুরু হলো। প্রথম পর্যায়ে বিদ্যালয়ের দশম শ্রেণির প্রথম ১০ জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক তপন দত্ত, দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র-সহ অন্যান্য অতিথিরা।
বিধায়ক তপন দত্ত জানান, পূর্বতন সরকারের সময় এই প্রকল্পের নাম ছিল সবুজ সাথী; বর্তমান সরকার এর নাম করেছে ‘সারথি’। দাসপুর ১ ব্লকের প্রতিটি বিদ্যালয়ের জন্য সাইকেল নাড়াজোল উচ্চ বিদ্যালয়েই প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে সেগুলি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে পৌঁছে দেওয়া হবে। পড়ুয়াদের পাশে রাজ্য সরকার রয়েছে বলেও জানান তিনি।







