এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাজারে আসছে প্লাস্টিকের নোট, পরীক্ষামূলকভাবে ২০০ কোটি কারেন্সি ছাপার ছাড়পত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে

Published on: July 30, 2026 । 2:41 PM

নিজস্ব সংবাদদাতা:খুব শীঘ্রই দেশবাসীর হাতে আসতে চলেছে প্লাস্টিক বা পলিমারের তৈরি নোট। পরীক্ষামূলক ব্যবহারের জন্য প্রাথমিক পর্যায়ে ২০০ কোটি পলিমার নোট ছাপানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ছাড়পত্র দিয়েছে সরকার। সোমবার সংসদে এ কথা জানানো হয়েছে। প্রায় দু’দশক ধরে প্রস্তাবটি বিবেচনাধীন থাকার পর, সম্প্রতি পলিমার নোট তৈরির সামগ্রী সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করেছে আরবিআই।
কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি লোকসভায় জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক একশো কোটি ১০ টাকার এবং একশো কোটি ২০ টাকার নোট ছাপবে। বাজারে সাধারণত ছোট অঙ্কের এই নোটগুলির ঘাটতি দেখা যায়। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কাগজের নোট পুরোপুরি তুলে দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই। প্লাস্টিক ও কাগজের নোট একইসঙ্গে বাজারে চলবে। ভারতে প্রায় এক শতাব্দী ধরে বিশেষ কাগজে নোট ছাপানো হচ্ছে, ফলে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে এক ঐতিহাসিক পদক্ষেপ।
সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার নোটের আয়ু অনেক বেশি এবং তা সহজে ছেঁড়ে বা নষ্ট হয় না। আন্তর্জাতিক সমীক্ষাতেও এই তথ্য প্রমাণিত। নতুন নোট বাজারে আসতে কয়েক মাস সময় লাগতে পারে। কারণ, সরকার ও আরবিআই নিশ্চিত করতে চায় যে নোটের সুরক্ষাবিধি অটুট রয়েছে এবং ব্যবহৃত সামগ্রীর সঙ্গে চিন বা পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবর্ষে নোট ছাপানোর খরচ কমলেও, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বাজারে মোট নগদের পরিমাণ বেড়ে ৪১ লক্ষ ২৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৬০টি দেশে এই ধরনের পলিমার নোটের প্রচলন রয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।