ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: মঙ্গলবার সন্ধ্যায় দাসপুরের কলোড়া বাসস্ট্যান্ডে বাস ও টোটো চালকের বচসাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। জানা গিয়েছে, কলোড়া থেকে মলিঘাটি যাওয়ার সময় মলিঘাটি-পাঁশকুড়াগামী বাসের চালকের সঙ্গে এক টোটো চালকের বিবাদ বাধে। অভিযোগ, আচমকাই বাসচালকের উপর চড়াও হন ওই টোটোচালক। মুহূর্তের মধ্যে বচসা গড়ায় তুমুল হাতাহাতিতে। এর জেরে রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। আটকে পড়ে যাত্রীবোঝাই বাস ও একাধিক টোটো, চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুই চালককেই থানায় নিয়ে যায় তারা।
কলোড়া বাসস্ট্যান্ডে ধুন্ধুমার, বাস ও টোটো চালকের হাতাহাতিতে অবরুদ্ধ রাস্তা








