তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আর কিছু দিনের মধ্যেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে সন্ধ্যার পর সমস্ত বিভাগের বহির্বিভাগ বা আউটডোর পরিষেবা চালু হতে চলেছে। জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে খবর, আপাতত জেলার মধ্যে ডেবরা ও ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে দিনের পাশাপাশি রাতেও মিলবে এই পরিষেবা।
মূলত দিনের বেলা অধিকাংশ মানুষই জীবিকার প্রয়োজনে ব্যস্ত থাকেন। শরীর খারাপ হলেও অনেক সময় কাজ ফেলে পরিজনদের নিয়ে সরকারি হাসপাতালের আউটডোরে আসা তাঁদের পক্ষে সম্ভব হয় না। সন্ধ্যার পর আউটডোর খোলা থাকলে সাধারণ মানুষের প্রভূত সুবিধা হবে। তবে ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল জানিয়েছেন, হাসপাতালে রাতে আউটডোর চালু করার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে। তাই ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এবার ঘাটাল হাসপাতালে রাতেও আউটডোর খোলা থাকবে





