তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবিবার সকালে ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতের অন্ধকারে ওই গ্রামের ঘোষ পাড়ার দুটি মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার দেশের শিব মন্দির এবং তারক ঘোষালের কালী মন্দির থেকে বেশ কিছু সামগ্রী খোওয়া গিয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে পিতলের গামলা, জয় ঘণ্টা এবং পুজো কাজে ব্যবহৃত বেশ কিছু বাসনপত্র।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মন্দিরগুলিতে গেলে চুরির বিষয়টি প্রথম তাঁদের নজরে আসে। গ্রামের প্রাচীন দুটি মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘাটালে জোড়া মন্দিরে চুরি






