এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নৌকার আকালে ৭৬ বছর পর বন্ধ ঘাটালের ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা

Published on: August 11, 2026 । 6:07 PM

নিজস্ব সংবাদদাতা:১৫ আগস্ট মানেই ঘাটাল মহকুমায় উৎসবের আমেজ। কিন্তু এ বছর স্বাধীনতা দিবসের সেই আনন্দে কিছুটা ভাটা পড়তে চলেছে। কারণ, নৌকার অভাবে দীর্ঘ ৭৬ বছর পর বন্ধ হয়ে গেল শিলাবতী নদীবক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা। ঘাটাল পুরসভার উদ্যোগে আয়োজিত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রোমাঞ্চকর প্রতিযোগিতা এবার আর চাক্ষুষ করতে পারবেন না দুই পাড়ের উৎসুক দর্শকরা।
১৯৫০ সালে ভারতের সংবিধান প্রণয়নের পর নয়বন্ধু ক্লাবের হাত ধরে দাসপুরের নিমতলা ঘাট থেকে ঘাটাল শহরের আদালত ঘাট পর্যন্ত এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল। স্বাধীনতার পঞ্চাশতম বর্ষে এটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় পুরসভা। পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা জানান, প্রতিযোগীদের জলে ঝাঁপ দেওয়া, মেডিক্যাল টিম, ক্লান্ত সাঁতারুদের উদ্ধার এবং সুরক্ষার জন্য কমপক্ষে ২০টি নৌকার প্রয়োজন হয়। এক মাস ধরে খোঁজ চালিয়ে হুগলির প্রত্যন্ত এলাকা থেকেও পর্যাপ্ত নৌকা মেলেনি।
মূলত যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বালি তোলার আধুনিকীকরণের কারণেই এই নৌকার আকাল তৈরি হয়েছে। আগে ঘাটাল-ক্ষীরপাই রাস্তার উপর থাকা চাতাল বা কজওয়েগুলি নদীর জলে ডুবলে যাতায়াতের জন্য প্রচুর নৌকা চলত। এখন সেখানে কংক্রিটের সেতু তৈরি হয়েছে। পাশাপাশি, নদী থেকে বালি তোলার কাজেও এখন নৌকার বদলে পেলোডার ব্যবহৃত হচ্ছে। তাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নৌকা। পর্যাপ্ত নৌকার অভাবেই শেষ পর্যন্ত বাধ্য হয়ে এবারের মতো এই বহু প্রতীক্ষিত প্রতিযোগিতা বাতিল করতে হল ঘাটাল পুরসভাকে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।