এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে সম্মানিত দাসপুরের অপূর্ব সামন্ত

Published on: August 30, 2026 । 2:24 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৫তম জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী  ডা. ইন্দ্রনীল খাঁ-এর কাছ থেকে সম্মানিত হলেন দাসপুরের প্যারা ক্রীড়াবিদ অপূর্ব সামন্ত। দুই পা অকেজো হওয়া সত্বেও হুইলচেয়ারে বসেই প্রতিকূলতাকে হার মানিয়ে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন দাসপুর-২ ব্লকের দুবরাজপুর গ্রামের অপূর্ব সামন্ত। তাঁর অসাধারণ লড়াই ও সাফল্যের স্বীকৃতি মিলল এবার মুখ্যমন্ত্রীর কাছে। ২৯ আগস্ট মুখ্যমন্ত্রীর তরফে সম্মানিত করা হয়েছে এই প্রতিবন্ধকতা জয়ী যুবককে।

২০১৭ সালে একটি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে মেরুদণ্ডে আঘাত পেয়ে চলচ্ছক্তি হারিয়েছিলেন অপূর্ব। সেই দুর্ঘটনার পর থেকেই তাঁর চলাফেরার সর্বক্ষণের সঙ্গী হুইলচেয়ার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাঁর আত্মবিশ্বাস কিংবা স্বাধীনভাবে বাঁচার ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি। বরং নতুন উদ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অপূর্ব। ২০২১ থেকে হুইলচেয়ার ফেন্সিং ও প্যারা রাইফেল শুটিং, ওয়াটার স্পোর্টস,  ড্রাগন বোট খেলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জয় করেছেন তিনি। কঠোর অনুশীলন, অধ্যবসায় এবং অদম্য মানসিক শক্তির জোরে ধীরে ধীরে এই হুইলচেয়ার ফেন্সিং খেলায় রাজ্য ও দেশ-বিদেশে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর এই সম্মানপ্রাপ্তি সেই দীর্ঘ লড়াই ও সাফল্যেরই এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। অপূর্বের এই গল্প আরও একবার মনে করিয়ে দেয়—ইচ্ছাশক্তি প্রবল হলে প্রতিকূলতাকেও জয় করে এগিয়ে যাওয়া সম্ভব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177