বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী এক মহিলা। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে চন্দ্রকোনা টাউন এবং চন্দ্রকোনা রোড রাজ্য সড়কের পাহাড়ি মাথা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সম্রাট ঘোষ (২৭)। তাঁর বাড়ি চন্দ্রকোনা থানার কালাকড়ি গ্রামে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই একই গ্রামের বাসিন্দা শিখা ঘোষ (৩১)। দুর্ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সম্রাটকে মৃত বলে ঘোষণা করেন। শিখাদেবীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় যান চলাচল ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
চন্দ্রকোনায় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন এক যুবক









