বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার চাঁইপাট হরিতলা এলাকায় গোপীগঞ্জ-সুলতান নগর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইক ও স্কুটির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীগঞ্জের দিক থেকে আসা একটি হোন্ডা শাইন বাইকের সঙ্গে সুলতান নগরের দিক থেকে আসা স্কুটির সজোরে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, একটি বাইক রাস্তার গার্ড ওয়ালের উপর পুকুর পাড়ে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে এবং অন্য গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, একজনের পা ভেঙে গিয়েছে বলে অনুমান। বাকি এক আরোহী অল্প চোট পেয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সোনাখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহতদের বাড়ি চাঁইপাট এলাকাতেই, এমনকি একটি বাইক চাঁইপাট বেলডাঙার শেঠ পাড়া এলাকার। তবে এখনও আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এই প্রসঙ্গে দাসপুর থানার পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। আমরা আহতদের পরিচয় জানার চেষ্টা করছি। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
দাসপুরে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক ৩ আরোহী








