তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: মামাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হল পাঁচ বছরের এক একরত্তির। রাস্তার ধারে খেলার সময় একটি বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় অকালে ঝরে গেল একটি প্রাণ। রবিবার বিকেল ৫টা নাগাদ এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ঢলগোড়া থেকে বালিডাঙা যাওয়ার রাস্তায় লক্ষ্মণপুর কালীতলা সংলগ্ন খাঁ পাড়ায়। চোখের সামনে তরতাজা একটি শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর নাম শিবম সামন্ত। তার স্থায়ী বাড়ি হুগলি জেলার খানাকুল থানার পোল পাতুল গ্রামে। সম্প্রতি লক্ষ্মণপুর খাঁ পাড়ায় নিজের মামাবাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট শিবম। এদিন বিকেলে রাস্তার পাশেই আরও কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল সে। সেই সময়ই ওই রাস্তা দিয়ে যাওয়া একটি অজ্ঞাতপরিচয় চারচাকা গাড়ি আচমকাই শিশুটিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করার পর দুঃখজনক খবরটি জানান, শিশুটি আর বেঁচে নেই।
এই ঘটনার পর শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। দুর্ঘটনা ঘটিয়েই দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় গাড়িটি। এখনও পর্যন্ত ওই গাড়ি কিংবা চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। গাড়িটিকে চিহ্নিত করার পাশাপাশি দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে ইতিমধ্যেই খোঁজখবর শুরু হয়েছে।
মামা বাড়িতে বেড়াতে এসে ৫ বছরের শিশুর মর্মান্তিক পরিণতি









