এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কুসংস্কারের আঁধার ঘুচিয়ে আলো ছড়াচ্ছে ‘বিপিনের পাঠশালা’

Published on: November 21, 2026 । 3:35 PM

• কেয়া মণ্ডল চৌধুরী,‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: একসময় যে গ্রামে ডাইনি প্রথা চালু ছিল, চলত চোলাই মদের ঠেক, সেখানেই আজ জ্বলছে শিক্ষার আলো। কুসংস্কার আর নেশার অন্ধকার থেকে সমাজকে বাঁচাতে একাই লড়াই শুরু করেছেন বিপিন হেমব্রম নামে এক যুবক। চন্দ্রকোণা-১ ব্লকের বনডাঙ্গায়   বিপিনের ওই  বিনা পয়সার পাঠশালাতেই এখন জীবনের নতুন স্বপ্ন দেখছে এলাকার আদিবাসী পড়ুয়ারা।

নানা কুসংস্কার এবং অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যেই বেড়ে ওঠেন বিপিন। আর ওই ছবিই  তাঁকে ভিতর থেকে নাড়া দিত। ছেলেবেলা থেকেই বইখাতার সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল তাঁর। যেন স্রোতের উল্টো দিকেই হাঁটতেন তিনি। মনে মনে ঠিক করেছিলেন, গ্রামের ছেলেমেয়েদের অন্তত এই অন্ধকারের মধ্যে বড় হতে দেবেন না। তাঁর বিশ্বাস ছিল, গ্রামে শিক্ষার আলো জ্বালাতে পারলেই হয়তো একদিন বদলাবে গ্রামের ছবিটাও।
নিজের পড়াশোনা অবশ্য বেশিদূর এগোয়নি। শারীরিক অসুস্থতার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষাও দেওয়া হয়নি তাঁর। তবু নিজের আদিবাসী সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখতেন বিপিন। সেই ভাবনা থেকেই ২০১৯ সালে নিজের উদ্যোগে শুরু করেন একটি পাঠশালা। আজ সেই পাঠশালায় পড়াশোনা করছে ৪২ জন ছেলেমেয়ে।
শুরুটা অবশ্য মোটেই সহজ ছিল না। নিজের ছোট্ট একটি ঘরে মাত্র দু-চারজন ছেলেমেয়েকে নিয়ে পড়ানো শুরু করেন বিপিন। ধীরে ধীরে তাঁর এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষও তাঁদের ছেলেমেয়েদের পাঠাতে শুরু করেন তাঁর কাছে। বর্তমানে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪২ জন পড়ুয়া সেখানে পড়াশোনা করছে। কাউকেই দিতে হয় না কোনও পড়ার খরচ। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পড়ান বিপিন।
বিপিন বলেন, পড়াশোনা মানে শুধু বইয়ের পাঠ শেখা নয়, বরং আগামী দিনে নিজের পায়ে দাঁড়ানোর পথ তৈরি করা। তাই কেউ যাতে মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়, সেদিকেও বিশেষ নজর রাখার চেষ্টা করি আমি।
গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে, তাঁর উদ্যোগে গ্রামেরই একটি মেয়ে ইতিমধ্যে পুলিশে চাকরি পেয়েছে। সেই সাফল্য যেন তাঁর স্বপ্নকে আরও বড় করে তুলেছে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতাও বাড়িয়ে দিয়েছে।
বিপিনের বর্তমান বয়স ৩৮ বছর। এখনও নিজের সংসার করা হয়ে ওঠেনি। মা নেই। বৃদ্ধ বাবা ও ভাইয়েরা রয়েছেন সংসারে। বাবার সামান্য কিছু জমি রয়েছে। ভাইদের সংসারেই কোনওরকমে তাঁর নিজেরটুকু চলে যায়। নিজের জীবনেও রয়েছে অনেক অপূর্ণতা। নিজের পড়াশোনার পথ থেমে গেলেও গ্রামের অন্য ছেলেমেয়েদের উন্নতির পথ থেমে যাক, তা চাননি তিনি। নিজের  কথা বলতে গিয়ে বিপিন জানান, তাঁর নিজের স্বপ্ন পূরণ না হলেও গ্রামের ছেলেমেয়েরা যদি শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই হবে তাঁর সবচেয়ে বড় পাওয়া।  তাই নিজের  সামর্থ্যের  বাইরে গিয়েও,গ্রামের  ছেলে-মেয়েদের পড়াশোনা শেখানোর এই প্রচেষ্টা  চালিয়ে যাচ্ছেন তিনি। বিপিনের একটাই চাওয়া, বনডাঙ্গার এই আদিবাসী গ্রাম কুসংস্কারমুক্ত হোক। গ্রামে ছড়িয়ে পড়ুক শিক্ষার আলো। আগামী দিনে এই সমাজের ছেলেমেয়েরা যেন মাথা উঁচু করে চলতে পারে। বিপিন প্রথমে পাঠশালার নাম রেখেছিলেন ‘পণ্ডিত রঘুনাথ মুর্মু সেচেদ আসড়া’। পরে জগন্নাথপুরের বাসিন্দা তথা আরামবাগ স্কুলের শিক্ষক ভবানীপ্রসাদ দাস ভালোবেসে নাম দেন ‘বিপিনের পাঠশালা’। ভবানীবাবু জানান, বিপিনের এই উদ্যোগের পাশে তিনি সবসময় রয়েছেন। বনডাঙ্গা গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে উঠুক, এটাই তাঁরও ইচ্ছা।
গ্রামের মানুষও বিপিনের এই কাজে সহযোগিতা করছেন। নিজেদের ছেলেমেয়েদের পাঠাচ্ছেন তাঁর পাঠশালায়। তবে এতগুলি পড়ুয়াকে নিয়ে পাঠশালা চালানো সহজ নয়। এখনও নেই কোনও স্থায়ী পড়ার ঘর। এদিক-ওদিক করে ছেলেমেয়েদের নিয়ে কোনওরকমে পড়াশোনা চালিয়ে যেতে হয় বিপিনকে। তাই একটি স্থায়ী পাঠশালার ঘর তৈরির জন্য সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। যে গ্রামে একসময় কুসংস্কার আর অশিক্ষার অন্ধকারে ডুবে ছিল, সেই গ্রামই আজ ধীরে ধীরে শিক্ষার স্বপ্ন দেখছে বিপিনের হাত ধরে। বিপিনের  স্বপ্ন, আগামী প্রজন্ম যেন অন্ধবিশ্বাসের বেড়াজাল ভেঙে শিক্ষার পথে এগিয়ে যায়। তাঁর নিজের জীবনে হয়তো বেশি দূর এগোনো সম্ভব হয়নি, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা যেন তার চেয়েও অনেক দূর যেতে পারে — সেই চেষ্টাই করে চলেছেন তিনি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad