সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ভোরে ওড়িশার জাজপুর জেলার চণ্ডীখোল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, দাসপুর থানারসাগরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির তীব্র সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিতে রাজনগর, সাগরপুর এবং দাসপুর এলাকার প্রায় ৬৫-৬৬ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় বাসের প্রায় প্রত্যেক যাত্রীই কমবেশি আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় কারও হাত কিংবা পা ভেঙেছে, আবার কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ভ্রমণের মূল আয়োজক ছিলেন গোবর্ধন শাসমল। তাঁর উদ্যোগেই বাসটি সাগরপুর থেকে যাত্রা শুরু করেছিল। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসচালকের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। ভোরবেলার এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানাজানি হতেই যাত্রীদের পরিবারে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘাটাল মহকুমার বহু যাত্রী জখম









