কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে যাওয়ার মুখে সিংহডাঙায় নবনির্মিত ‘বর্ণপরিচয়’ তোরণের একাংশকে দেওয়াল হিসেবে ব্যবহার করে এভাবেই দোকানঘর নির্মাণের অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই নির্মাণ চললেও তা বন্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও ঘাটালে বিধায়ক শীতল কপাট জানিয়েছেন, তিনি অবিলম্বে ওই নির্মাণটি বন্ধ করার ব্যবস্থা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে জানাবেন।
ঘাটাল-ক্ষীরপাই রাস্তার পাশে সিংহডাঙায় বছর দেড়েক আগে প্রায় এক কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ‘বর্ণপরিচয়’ তোরণটি নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, তোরণের পাশের মিষ্টির দোকানের মালিক তাপস পাত্র তোরণ থেকে কোনও জায়গা না ছেড়েই এভাবেই দোকানঘর নির্মাণ করছেন। তোরণের এক দিককেই নির্মীয়মাণ দোকানের দেওয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে তোরণের ক্ষতির আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাঁদের আরও দাবি, বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কাজ বন্ধ হয়নি। যদিও তাপস পাত্রের দাবি, তোরণ-সহ যে জায়গায় নির্মাণ চলছে, সেটি তাঁদের পৈতৃক সম্পত্তি। তাঁর অভিযোগ, তাঁদের জমির উপর জোর করে তোরণ তৈরি করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, জায়গাটি বিদ্যাসাগর গ্রন্থাগারের নামে দান করা হয়েছিল। গাজোয়ারি করেই তাপসবাবু ওই নির্মাণটি করে চলেছেন।
বিদ্যাসাগর তোরণের স্তম্ভকে দেওয়াল করে দোকান নির্মাণ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন







