কাজলকান্তি কর্মকার, ঘাটাল: জেলায় প্রথম হয়ে রাজ্যস্তরের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে দাসপুর-১ ব্লকের চককৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা এবং গৌরা সোনামুই কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তনের একাদশ শ্রেণির ছাত্রী ঐশ্বর্য গঙ্গোপাধ্যায়। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দিঘায় রাজ্যস্তরের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেই সে জেলার প্রতিনিধিত্ব করবে। বাবা আশিস গঙ্গোপাধ্যায় শিক্ষক এবং মা মৌমিতা গঙ্গোপাধ্যায় গৃহবধূ। তাঁদের কন্যা ঐশ্বর্য গত ২৯ আগস্ট সোনাখালি গার্লস হাইস্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত ব্লকস্তরের বিতর্কে প্রথম হয়। বিতর্কের বিষয় ছিল ‘এই সময়ে যেকোনো দেশের স্বনির্ভর উন্নয়নের ভাবনা অপ্রাসঙ্গিক।’ বিপক্ষে তথ্যসমৃদ্ধ ও সাবলীল বক্তব্য রেখে সে বিচারকগণকে মুগ্ধ করে। এরপর ৬ সেপ্টেম্বর নির্মল হৃদয় আশ্রম চার্চ স্কুলে জেলাস্তরের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে সে। ঐশ্বর্যের বক্তব্য প্রস্তুতিতে বিশেষভাবে সহযোগিতা করেছেন তাঁর শিক্ষক উত্তম গোস্বামী। তাঁর গাইডেই ঐশ্বর্য কলকাতা দূরদর্শনের ‘চ্যানেল ভিশন’-এর ‘মনের জানালা’ অনুষ্ঠান-সহ নানা মঞ্চে নাট্যচর্চাও করেছে। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্কে পারদর্শী ঐশ্বর্য আগেও বহুবার পুরস্কৃত হয়েছে। তার এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিবার, উত্তমবাবু এবং সমগ্র এলাকাবাসী উচ্ছ্বসিত ও রাজ্যস্তরে তার জয়ের বিষয়ে চূড়ান্ত আশাবাদী।
জেলায় প্রথম হয়ে রাজ্যস্তরের বিতর্ক প্রতিযোগিতায় ঐশ্বর্য







