তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: শিক্ষক দিবসের দিন স্কুলের শৌচাগারের সামনে দাঁড়িয়ে মোবাইলে অশ্রাব্য ভাষায় গালিগালাজের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রী। সেই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় দাসপুর-২ ব্লকের নবীন মানুয়া ঈশ্বরচন্দ্র হাইস্কুলে। ঘটনার পর বৈঠক করে ছাত্রীদের সংশোধনের জন্য অভিনব শাস্তির সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের টিআইসি শুভ্রপ্রকাশ মণ্ডল জানান, ওই ছাত্রীরা স্কুলের প্রার্থনার লাইনে সমস্ত পড়ুয়ার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুল স্বীকার করে এবং বিদ্যালয়ের গৌরব ক্ষুণ্ণ করার জন্য ক্ষমা চায়। পাশাপাশি, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শুধু স্কুলে আসা বন্ধ করে দেওয়াই নয়, এই সময়টাকে পড়াশোনা ও আত্মসংশোধনের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ছাত্রীদের। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক ও সংস্কৃত—প্রতিটি বিষয়ের জন্য মডেল তৈরি অথবা লিখিত প্রশ্নোত্তরের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে হবে।
এর পাশাপাশি নৈতিক ও মূল্যবোধের শিক্ষা দিতে তিনটি মূল্যবোধের বই পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অক্টোবর মাসে স্কুলে ফিরে প্রতিটি বই থেকে ১০ পাতা করে মোট ৩০ পাতায় নিজেদের উপলব্ধি ও ভাবনা লিখে জমা দিতে হবে।
বিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরাও। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, শাস্তির পাশাপাশি পড়াশোনা ও মূল্যবোধের শিক্ষার মাধ্যমে ছাত্রীদের ভুল বুঝিয়ে সংশোধনের পথেই ফেরানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শিক্ষক দিবসে আপত্তিকর ভিডিও, অভিনব শাস্তি স্কুলের







