রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ৫ সেপ্টেম্বর রাতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকার তলায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরতাজা এক যুবকের। ওই যুবকের নাম আকাশ রায় (২৮)। বাড়ি ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ডে। ঘাটালের একটি দন্ত চিকিৎসকের চেম্বারে কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার রাত ৯টা নাগাদ ঘাটালের বিবেকানন্দ মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মী নারায়ণ নামে হাওড়া বাসের চাকার তলায় পড়ে যায় আকাশ। মুখ ও শরীরের উপর দিয়ে বাসটি চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আকাশের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। আকাশের দাদা সুরজিৎ রায় ঘাটাল যোগদা সৎসঙ্গ স্কুলের ক্লার্ক। তিনি জানান, এইভাবে হঠাৎ বিপর্যয়ে দিশাহারা হয়ে পড়ে গোটা পরিবার।
ঘাটালে বাসের চাকার তলায় পিষ্ট তরতাজা যুবক




