কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের লোকভবনে আয়োজিত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের ড. প্রসেনজিৎ কাপাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল এস. এন. রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পেশা ও স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীরা, আশা কর্মীরা, যোগ গবেষক ও শিক্ষকরা। ওই দিনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘাটাল মহকুমা থেকে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লকের প্রতাপপুরের বাসিন্দা এবং যোগবিষয়ক বিশেষজ্ঞ ড. প্রসেনজিৎ কাপাস। এছাড়াও আমন্ত্রিত ছিলেন দাসপুর থানার খানখানাচকের বাসিন্দা, যোগ ও জিমনাস্টিক বিশেষজ্ঞ অশোক ডগরা এবং উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা জিষ্ণু কুণ্ডু। প্রসেনজিৎবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয় ও এসএসকেএম হাসপাতালের তত্ত্বাবধানে যোগ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো বটেই, ভারতবর্ষের বাইরেও যোগবিষয়ক গবেষণা নিয়ে প্রসেনজিৎবাবু বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করে চলেছেন। তবে শুধু পড়াশোনা বা গবেষণা নয়, এর পাশাপাশি ঘাটাল মহকুমার বিভিন্ন গণআন্দোলনের সঙ্গেও যুক্ত ড. কাপাস। বর্তমানে ঘাটাল মহকুমার পাশাপাশি বন্দর ফরিদপুর এলাকায় পাকা ব্রিজ নির্মাণের দাবিতেও তিনি লড়াই করে চলেছেন।
যোগ গবেষণার স্বীকৃতি, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লোকভবনে আমন্ত্রিত ঘাটালের প্রসেনজিৎ





