শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: যত্রতত্র বেআইনি মদ বিক্রি ও মদ্যপদের উপদ্রব রুখতে কড়া পদক্ষেপ করল দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত। অসামাজিক কাজ ঠেকাতে পঞ্চায়েতের তরফে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক বোর্ড লাগানো হয়েছে। প্রধান প্রতিমা সামন্ত আদক জানান, সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও ভরসা জোগাতেই এই প্রচার।
সম্প্রতি গৌরায় তিন মদ্যপকে পুলিশ আটক করে। এছাড়া গৌরা থেকে জোতঘনশ্যাম পর্যন্ত নির্জন রাস্তায় প্রতিদিন মদের আসর বসত। এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দিতেই আসরে নেমেছে পঞ্চায়েত। জানানো হয়েছে, মদ্যপদের হাতেনাতে ধরতে পারলে অভিযুক্তদের জরিমানা করা হবে এবং ধরিয়ে দেওয়া ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। পঞ্চায়েতের এই উদ্যোগে অত্যন্ত খুশি এলাকাবাসী।
মদ্যপদের রুখতে কড়া পদক্ষেপ গৌরা গ্রাম পঞ্চায়েতের





