এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সবজির নীচে ন’টি জ্যান্ত গোরু! পাচার রুখে গোসেবায় হিমশিম পুলিশ

Published on: August 5, 2026 । 8:50 PM

নিজস্ব সংবাদদাতা:চোর-ডাকাত ধরে জেলে পোরা বা বেআইনি অস্ত্র, চোরাই গাড়ি আটক করা পুলিশের কাছে নিতান্তই রোজনামচা। কিন্তু ন-নটি জ্যান্ত গোরু আটক করে যে এমন মহা ফাঁপরে পড়তে হবে, তা বোধহয় দাসপুর থানার পুলিশ স্বপ্নেও ভাবেনি। সোমবার রাতে সবজির ক্রেটের তলা থেকে উদ্ধার হওয়া এই গোরুগুলিই ছিল থানার ‘ভিআইপি অতিথি’। তাদের আদর-যত্নে যাতে কোনও ত্রুটি না থাকে, তার জন্য রীতিমতো হিমশিম খেতে হয়েছে গোটা থানাকে। বুধবার এক সংস্থাকে গোরুগুলি দেখভালের দায়িত্ব দেওয়ার পর মেঘ মুক্ত হল গোটা থানা। ওই থানার এক এসআই তো দীর্ঘশ্বাস ফেলে জানিয়েই দিলেন, সারা চাকরি জীবনে কত কী আটক করেছেন, কিন্তু এমন বিপদে কখনও পড়েননি! সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত কী যে ঝামেলা গেল বোঝানো যাবে না। বুধবার একটি সংস্থাকে গোরুগুলি তুলে দেওয়া হয়।
থানার পাশেই পুলিশের মিটিং শেডের নীচে অস্থায়ী গোয়াল তৈরি হয়েছিল। নাম-গোত্রহীন এই নিষ্পাপ অতিথিদের সেবায় বহাল করা হয়েছিল তিন জন সিভিক ভলান্টিয়ারকে। তাঁদের ডিউটিই ছিল একটাই—ঘণ্টায় ঘণ্টায় নিয়ম করে গোরুদের খড়, ঘাস আর জল দেওয়া। আর অবশ্যই গোবর পরিষ্কার করে শয্যা পরিপাটি রাখা। পুলিশকে এমন গোসেবায় নামতে বাধ্য করেছে দেশের আইন। ভারতীয় ন্যায় সংহিতার ২৯১ ধারা অনুযায়ী প্রাণীর প্রতি অবহেলামূলক আচরণের কঠোর শাস্তির বিধান রয়েছে। বিচারাধীন এই গোরুগুলির একটিও যদি অযত্নে মারা যায়, তবে আদালত খোদ পুলিশেরই কলার ধরবে। তাই আইনের গেরোয় পড়ে লাঠি ছেড়ে দুদিন ধরে গোবর ঘাঁটেছেন উর্দিধারীরা।
এই মহা ফ্যাসাদের সূত্রপাত সোমবার গভীর রাতে। দাসপুর থানার কল্মীজোড় এলাকা দিয়ে একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় টহলরত পুলিশের সন্দেহ হয়। ট্রাকের ডালায় সুন্দর করে সাজানো ছিল সবজির ক্রেট। কিন্তু পুলিশের তাড়া খেয়ে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পীরতলা এলাকায় গাড়িটি ধরা পড়তেই ক্রেটের তলা থেকে বেরিয়ে পড়ে আসল রহস্য! ক্রেট সরাতেই দেখা যায়, নীচে গাদাগাদি করে লুকিয়ে রাখা হয়েছে ন’টি গোরু। পুলিশের চোখে ধুলো দিতেই এমন অভিনব কায়দায় পাচার চালাচ্ছিল মেদিনীপুর শহরের বাসিন্দা চালক হাঙ্গার খান। আপাতত সে শ্রীঘরে।
গোরুগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং গন্তব্যই বা কোথায় ছিল, তদন্তের স্বার্থে তা নিয়ে পুলিশ এখনই মুখ খুলতে নারাজ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর নেপথ্যে বড়সড় পাচার চক্র সক্রিয় রয়েছে। পাণ্ডাদের হদিস পেতে ধৃত চালককে ইতিমধ্যেই তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জেরা করে দুঁদে অফিসাররা যখন মাথা ঘামাচ্ছেন, তখন থানার বাইরে সিভিক ভলান্টিয়াররা খড়ের আঁটি হাতে গোরুদের মন জোগাতে ব্যস্ত ছিলেন!

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি