এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে অরণ্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে সার্কেল স্তরের প্রবন্ধ, অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

Published on: July 15, 2026 । 11:33 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: অরণ্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ঘাটাল সার্কেলের ব্যবস্থাপনায় বুধবার ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে সার্কেল স্তরের অঙ্কন, প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতায় ঘাটাল সার্কেলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা “দাও ফিরে সে অরণ্য, লও এ নগর” বিষয়ের উপর অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ক্যুইজ প্রতিযোগিতায় নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। প্রতিযোগিতা ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এদিন উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, অতিরিক্ত জেলা মাধ্যমিক শিক্ষা বিদ্যালয় পরিদর্শক হিমাদ্রিশেখর ঘোষ, ঘাটাল যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণবেন্দ্র লাল দে,  ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের সহ-শিক্ষক সুপ্রিয় পাত্র, হরিনগর গার্লস স্কুলের সহ শিক্ষিকা মানসী সাহু (বিচারক), আন্তর্জাতিক চিত্রশিল্পী প্রসেনজিৎ মূলা (বিচারক) প্রমুখ। এছাড়াও ঘাটাল চক্রের সমস্ত অফিস কর্মী ও  ঘাটাল চক্রের সঙ্গে যুক্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা বৃন্দও উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সমস্ত কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করে দাসপুরের ক্যুইজ ও ম্যানিয়া সংস্থা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177