তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: সোমবার রাত ১২টা পর্যন্ত শেখ আব্দুল সালাম (৪২) ওরফে বুলু ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে ভোটের কাজ করেছেন। তারপর বাড়ি ফিরে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃ/ত বলে ঘোষণা করেন। ঘাটাল মহকুমা শাসকের দফতর চত্বরে সবাই তাঁকে ‘বুলু’ নামেই চিনতেন। তিনি ঘাটাল মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ দফতরের গাড়ি চালাতেন। তাঁর বাড়ি ঘাটাল থানার দলপতিপুরে। আজ মঙ্গলবারও বুলু-র মহকুমা শাসকের অফিসে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাছ থেকে এই দুঃসংবাদ পাওয়ার পর মহকুমা শাসকের দফতরের সমস্ত বিভাগের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুলু ছিলেন সদাহাস্যময়। প্রত্যেকের সঙ্গে খুব সহজভাবে মিশে যেতে পারতেন। ভালো কোনও কাজেই তিনি ‘না’ বলতেন না। তাই তাঁর এই অকাল মৃ/ত্যু কেউই মেনে নিতে পারছেন না।
বুলু’র হাসি মুখ আর দেখা যাবে না






