সৌমেন মিশ্র:হঠাৎ গুলির আওয়াজ, আর তারপরেই লুটিয়ে পড়লেন রাইটার্সের ৬নং গেটে কর্মরত এক পুলিশ কর্মী। আর সেই আওয়াজ এসে পৌঁছেছে দাসপুরের বাড়িতেও। লুটিয়ে পড়া দেহের পাশেই উদ্ধার হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীর সার্ভিস রিভলবার। মৃত ওই পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ কারক(৩৪)। বাবার নাম গোপাল কারক। দাসপুর থানা তথা দাসপুর-২ ব্লকের শ্রীবরা গ্রামে বাড়ি।
আজ ৩ জুলাই শুক্রবার ঘড়ির কাঁটায় বিকেল ৩.৩৫টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, রাইটার্স বিল্ডিংয়ের ৬নং গেটের পাহারা থাকা বেশ কয়েকজন সশস্ত্র পুলিশ কর্মীর মধ্যে বিশ্বজিৎবাবুও ছিলেন। হঠাৎ গুলি চালনার ঘটনায় বিশ্বজিৎ গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি আত্মহত্যার চেষ্টা, নাকি দুর্ঘটনা অথবা এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
এই ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্টের পুলিশ কর্তারা। পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দাসপুরে বিশ্বজিতবাবুর মৃত্যু খবর এসে পৌঁছাতেই পরিবারে শোকের ছায়া নেমে আসে।
রাইটার্সে গুলি, মৃত্যু দাসপুরের পুলিশ কর্মীর,আত্মহত্যা?
By সৌমেন মিশ্র
Published on: July 3, 2020 । 6:24 PM


