এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ

Published on: November 9, 2026 । 10:12 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:  শ্বশুরবাড়িতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পরে মৃত্যু হল এক যুবকের। খাবারে বিষ মিশিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই চাঞ্চল্যকর ঘটনায় মৃতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃত যুবকের নাম প্রশান্ত দোলুই (২৭)। তাঁর বাড়ি দাসপুর থানার বসন্তপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, শনিবার যুবক দাসপুর থানার গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে মারা গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার পাশাপাশি মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে।
মৃতের বোন সোমা দোলুই এবং পরিবারের অন্যান্য সদস্যদের বয়ান অনুযায়ী, সম্প্রতি প্রশান্ত তাঁর শ্বশুরবাড়ি কেশপুরে গিয়েছিলেন। সেখানে খাওয়া-দাওয়ার পরেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষক্রিয়ার ফলেই তাঁর শরীর খারাপ হতে থাকে বলে প্রাথমিক অনুমান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে কেশপুর থানার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে।
এরপর পরিবারের লোকজন তাঁকে দাসপুরের ওই নার্সিংহোমে স্থানান্তরিত করেন। চিকিৎসকদের সমস্ত রকম চেষ্টা ব্যর্থ করে শনিবার নভেম্বর সন্ধ্যায় ওই নার্সিংহোমেই মৃত্যু হয় প্রশান্তর।
নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে লিখিতভাবে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। মৃতের পরিবারের দৃঢ় সন্দেহ, প্রশান্তর স্ত্রীই চক্রান্ত করে তাঁর খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন। পরিবারের এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই যুবকের স্ত্রীকে থানায় নিয়ে এসেছে পুলিশ। বর্তমানে এক মহিলা কনস্টেবলের কড়া পাহারায় তাঁকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।