এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্যারের জন্মদিনে যাচ্ছি বলে চারবন্ধু বাজি কিনতে গিয়ে উধাও! বাড়ি ফিরল গভীর রাতে

Published on: November 6, 2026 । 1:12 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: শিক্ষকের জন্মদিনের পার্টিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল চার বন্ধু। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় চরম উৎকণ্ঠায় পড়েন পরিবারের সদস্যরা। গতকাল ৬ নভেম্বর ঘটনাটি দাসপুর থানার আদমপুর গ্রামের। জানা গিয়েছে, চারজনই নবম শ্রেণির ছাত্র। বাড়িতে তারা জানিয়েছিল, শিক্ষকের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তাদের কোনও খোঁজ না মেলায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরু হয় খোঁজাখুঁজি। পরে অন্য বন্ধুদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন,  সায়নদীপ রাণা, প্রীতম রাণা,দেবজিৎ মাইতি ও অপর আর একজন বন্ধু মিলে ওই চার কিশোর একসঙ্গে হাওড়া পেরিয়ে চম্পাহাটি এলাকায় দীপাবলির বাজি সস্তায় কিনতে গিয়েছিল। এরপর থেকেই বাড়তে থাকে উৎকণ্ঠা। চার কিশোর কোথায় রয়েছে, তারা নিরাপদে আছে কি না, কীভাবে বাড়ি ফিরবে—এই সমস্ত প্রশ্নে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অবশেষে গভীর রাতে বাড়ি ফেরে চার কিশোর। তাদের ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের লোকজন।

ঘাটাল মহকুমায় গত কয়েকদিনে বাড়িতে স্কুল বা টিউশনের নাম করে মিথ্যা বলে কোথাও যাওয়ার প্রবণতা বেড়েই চলেছে।  বাড়ির লোককে না জানিয়ে অন্য কোথাও যাওয়া কখনওই নিরাপদ নয় এটা হয়তো ওই ছেলেগুলো জানে না। কিন্তু অভিভাবকদেরও সচেতন হতে হবে—  সন্তানদের স্বাধীনতা দিন, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ ও নিরাপত্তার শিক্ষাও দিন। মনে রাখতে হবে, বাড়ির বাইরে প্রতিটি পদক্ষেপে সতর্কতা জরুরি। কারণ কয়েক ঘণ্টার আনন্দের চেয়ে সন্তানের নিরাপদে বাড়ি ফেরা অনেক বেশি মূল্যবান।

বাড়ির ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে এবং কখন ফিরবে, তা অভিভাবকদের জানানো যেমন অত্যন্ত জরুরি। তেমনই নবম শ্রেণির পড়ুয়াদের একা বা দলবেঁধে অনেক দূরে যাওয়ার আগে অভিভাবকদের অনুমতি ও সহযোগিতা নেওয়া উচিত এটাও শেখাতে হবে। এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে হবে।  সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা কোথাও যাওয়ার আগে নির্দ্বিধায় বাড়িতে জানাতে পারে। শুধু শাসন নয়, তাদের কথা শোনাও সমান জরুরি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177