এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মুম্বাইতে ঘাটালের স্বর্ণশিল্পীদের কর্মস্থলে আগুন

Published on: October 22, 2026 । 1:53 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের স্বর্ণশিল্পীদের কর্মস্থলে আগুন। উদ্বেগে ঘাটাল মহকুমার বাসিন্দারা। মুম্বইয়ের ভুলেশ্বরের ফুলগলিতে স্বর্ণশিল্পীদের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই ওই ভবনে আগুন ধরে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে বহু সোনার কাজের কারখানা ও শো-রুম রয়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই গোটা চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছেন। সূত্রের খবর, ওই ভবনে এবং সংলগ্ন এলাকায় ঘাটাল মহকুমার বহু যুবক স্বর্ণশিল্পী হিসেবে কর্মরত রয়েছেন। সেখানে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী ভোলানাথ দলুই জানান, বহুতলের কারখানাগুলিতে ঘাটালের বহু মানুষ কাজ করেন। দুর্ঘটনার সময়েও সেখানে অনেকে ছিলেন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণও জানা সম্ভব হয়নি। এদিকে সুদূর মুম্বইয়ে কর্মরত স্বর্ণশিল্পীদের কর্মস্থলে আগুনের সংবাদ আসতেই ঘাটাল মহকুমা জুড়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবার-পরিজনরা। ঘরের ছেলেদের সুরক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রহর গুনছেন ঘাটালবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখতে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।