নিজস্ব সংবাদদাতা:পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের অনূর্ধ্ব-১৪ কবাডি প্রতিযোগিতায় জাতীয় দলে জায়গা করে নিল ঘাটাল মহকুমার দুই কৃতী ছাত্র। সম্প্রতি কেশিয়াড়িতে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য দেখিয়ে এই সুযোগ ছিনিয়ে নিয়েছে দাসপুর-২ ব্লকের দুই পড়ুয়া অনিকেত মাইতি এবং অনিকেত মল্লিক। তাদের এই অভাবনীয় সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে গোটা মহকুমা জুড়ে।
মোট ১৮ জনকে নিয়ে এবারের রাজ্যদলটি গঠন করা হয়েছে। সেই বাছাই তালিকায় প্রথম স্থান অধিকার করে রীতিমতো চমক দিয়েছে দাসপুর-২ ব্লকের গোমকপোতা গুণধর বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণির ছাত্র অনিকেত মাইতি। অন্যদিকে, একই ব্লকের সোনাখালি হাইস্কুলের সপ্তম শ্রেণির আরেক পড়ুয়া অনিকেত মল্লিক ওই তালিকায় চতুর্দশ স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছে।খুদে খেলোয়াড়দের এই নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত তাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। গোমকপোতা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত চৌধুরী এবং সোনাখালি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা পাল বলেন, আমাদের স্কুলের ছাত্ররা জাতীয় স্তরের দলে সুযোগ পেয়ে স্কুলের পাশাপাশি সমগ্র এলাকার মুখ উজ্জ্বল করেছে। পড়াশোনার সঙ্গে খেলাধুলোতেও যে তারা এতটা অধ্যবসায় এবং পরিশ্রম করেছে, তার ফল আজ হাতেনাতে মিলল। আমরা ওদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। আগামী দিনে জাতীয় মঞ্চেও ঘাটালের এই দুই কৃতী ছাত্র নিজেদের সেরাটা তুলে ধরে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশাবাদী স্থানীয় ক্রীড়ামহল।
জাতীয় স্তরে কবাডি প্রতিযোগিতায় সুযোগ ঘাটাল মহকুমার দুই ছাত্রের*













