তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার চন্দ্রকোণার ২ নম্বর ওয়ার্ডের আমডাংরায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হল। অনুষ্ঠানের উদ্যোগ নেন সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষ। রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তির প্রতিষ্ঠাতা সমীর ঘোষের মা সর্বাণী ঘোষ। ওই দিন রাজা রামমোহন রায়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষ, সম্পাদক সৌরভ ঘোষ, বিধায়ক সুকান্ত দোলুই, সমাজকর্মী সঞ্জিত মিদ্যা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রাজা রামমোহন রায়ের জীবনী এবং বাল্যবিবাহের বিরুদ্ধে তাঁর আন্দোলন নিয়ে আলোচনা করেন। সমীর ঘোষ বলেন, রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রধান সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাংবাদিক, যাঁকে ‘ভারতীয় রেনেসাঁর জনক’ বলা হয়। তিনি ১৮২৮ সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এবং সতীদাহ প্রথা উচ্ছেদ, নারীশিক্ষার প্রসার ও কুসংস্কার দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন।







