এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মোবাইল ফোন ‘ট্যাপ’ হওয়ার আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ?

Published on: April 17, 2026 । 10:43 AM
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ পেশায় বাচিক শিল্পী হলেও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। সংবাদ পাঠ তাঁর নেশা। এ ছাড়া মাঝেমধ্যে লিখতেও পছন্দ করেন।
📞 +919932954161 WhatsApp

 মৌমিতা দাঁ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:  নিজের মোবাইল ফোন কেউ ‘ট্যাপ’ করছে বা আড়িপাতা হচ্ছে  এই গভীর মানসিক উৎকণ্ঠা ও আতঙ্কে শেষমেশ আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খড়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অজয়নগর এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক চক্রবর্তী (৬৩)। পরিবারে তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। পেশায় অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত ওই ব্যক্তির এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরেই অশোকবাবু এক অদ্ভুত মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর ধারণা হয়েছিল যে কেউ বা কারা তাঁর মোবাইল ফোন হ্যাক করেছে এবং তাঁর সমস্ত গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এমনকি পুলিশ তাঁকে ধরে নিয়ে যেতে পারে বা তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে— এমন অমূলক আশঙ্কার কথাও তিনি পরিচিত মহলে বলতেন। এই আতঙ্কে তিনি গত প্রায় এক মাস ধরে নিজেকে একটি ঘরের মধ্যে কার্যত বন্দি করে ফেলেছিলেন। শুক্রবার ভোর ৫টা নাগাদ বাড়ির একটি কাপড়ের সাহায্যে তিনি চরম পথ বেছে নেন। মৃতের এক প্রতিবেশী জানান, অশোকবাবু দীর্ঘ সময় ধরে এই হ্যাকিংয়ের আশঙ্কায় তটস্থ থাকতেন। সারারাত ঘরের মধ্যে পায়চারি করতেন এবং পরিবারের লোকেদেরও তাঁর আশঙ্কার কথা জানাতেন। পরিবারের সদস্যদের দাবি, ফোন ট্যাপ হওয়ার বিষয়টি সম্পূর্ণই তাঁর মনের ভুল ছিল। ঘটনার পর তাঁকে দ্রুত ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দীর্ঘদিনের মানসিক অবসাদ ও কাল্পনিক ভীতিই এই মর্মান্তিক পরিণতির মূল কারণ বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।