এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সর্বভারতীয় পরীক্ষায় প্রথম চন্দ্রকোণার পূর্বা

Published on: February 19, 2026 । 9:35 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মেধার কোনো কাঁটাতার হয় না, তা আরও একবার প্রমাণ করলেন চন্দ্রকোণা থানার জাড়ার মেয়ে পূর্বা বারিক। সাধারণ এক শিক্ষক পরিবারের এই অদম্য জেদি কন্যা আজ সাফল্যের শিখরে। অত্যন্ত কঠিন সর্বভারতীয় ‘কমন রিক্রুটমেন্ট একজামিনেশন’ বা সিআরই পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছেন তিনি। সাতাশ বছর বয়সী এই তরুণী বুঝিয়ে দিয়েছেন, যদি একাগ্রতা থাকে তবে প্রতিকূলতা জয় করে সূর্যের মতো জ্বলে ওঠা সম্ভব। এই অভাবনীয় সাফল্যের সুবাদে দেশের যেকোনো ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ বা এইমস হাসপাতালে সিনিয়র নার্সিং অফিসার হিসেবে যোগ দেওয়ার চাবিকাঠি এখন তাঁর হাতে। কিন্তু সাফল্যের মধ্যগগনে দাঁড়িয়েও মাটির টান ভোলেননি তিনি। পূর্বা জানিয়েছেন, ভিন রাজ্যে না গিয়ে নিজের রাজ্যের মানুষের সেবায় কল্যাণী এইমসকেই বেছে নিতে চান। পূর্বার এই জয়ের মুকুট রাতারাতি আসেনি, এর পিছনে আছে বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে নার্সিংয়ে স্নাতক হওয়ার পর ২০২০ সালে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ভুবনেশ্বরে নার্সিং অফিসারের দায়িত্ব সামলানো থেকে বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ডিউটি— কোনো কিছুই তাঁর পড়াশোনার পথে বাধা হতে পারেনি। রোগীদের সেবায় দিনরাত এক করে দেওয়ার মাঝেই তিনি অত্যন্ত নিয়ম করে বই মুখে বসেছেন। সেই একনিষ্ঠ সাধনাই আজ তাঁকে ভারতের সেরার সম্মান এনে দিয়েছে।অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা দীপঙ্কর বারিক এবং মা অনিতা বারিক আজ মেয়ের এই সাফল্যে গর্বিত। ইঞ্জিনিয়ার দাদা সৌম্যও আজ বোনের জন্য আনন্দিত। ছোটবেলা থেকেই শান্ত আর পড়ুয়া স্বভাবের মেয়েটি পেশাগত ব্যস্ততার মাঝেও যে গোটা দেশকে পিছনে ফেলে প্রথম হতে পারেন, তা তিনি হাতে-কলমে দেখিয়ে দিলেন। পূর্বার মতে, ধৈর্য আর লক্ষ্য স্থির থাকলে কোনো বাধাই বড় নয়। এখন ঘরের মেয়ে নিজের রাজ্যে ফিরে কল্যাণী এইমসে যোগ দিয়ে বাংলার চিকিৎসা পরিষেবায় নতুন মাত্রা যোগ করবেন, এটাই পরিজনদের একান্ত প্রত্যাশা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad