বাবলু মান্না ,স্থানীয় সংবাদ, ঘাটাল:বৃদ্ধাকে একা পেয়ে তাঁর গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার ভূতা মধ্যপাড়ায়। বৃদ্ধা লক্ষ্মীবালা আদক জানান, অন্যান্য দিনের মতো এদিনও দুপুরে গ্রামের সজলধারা প্রকল্পের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় বাইকে করে আসা দুই যুবক তাঁর সামনে এসে বাইকের গতি কমিয়ে গলার চেনটি হেঁচকা টানে ছিনতাই করে চম্পট দেয়। হারটি সোনালি রঙের হলেও সোনার ছিল না। ওই গ্রামের বাসিন্দা অভিজিৎ বেরা বলেন, ওটা সোনারও হতে পারত। দিনের আলোয় গ্রামের মধ্যে এভাবে ছিনতাইয়ের ঘটনায় তাঁরা যথেষ্ট চিন্তিত। সোনালি রঙের কোনও জিনিস পরাও এখন মহিলাদের পক্ষে নিরাপদ নয়। এলাকায় পুলিসের নজরদারি বাড়ানোর পাশাপাশি দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অভিজিৎবাবু আরও জানান, হারটি সোনার নয় বলে থানায় অভিযোগ করা হয়নি।
দাসপুরে বৃদ্ধার হার ছিনতাই









