এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দলের অন্যান্য নেতাদের মতোই ঘাটালের প্রাক্তন চেয়ারম্যানও চাকরি পাইয়ে দেওয়ার ব্যবসায় নেমেছিলেন

Published on: November 17, 2026 । 7:44 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অবশেষে ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলার স্বীকার করলেন, টাকার বিনিময়ে শর্টকার্টে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবসায় তিনিও নাম লিখিয়েছিলেন। সেই টাকা এক ‘দালালের’ কাছে তুলে দিয়েও শেষ পর্যন্ত কারোর চাকরি  করে দিতে পারেননি। বিভাসবাবু বলেন, সেই টাকা ফিরে পেতে তিনি আদালতে মামলা করেছেন।
রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা থাকাটা কোনও অপরাধ নয়, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য যখন কোটি কোটি টাকার অবৈধ লেনদেন আর প্রতারণার আশ্রয় নেওয়া হয়, তখন তা সমগ্র রাজনৈতিক ব্যবস্থার পচনকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঘাটাল পুরসভার দীর্ঘদিনের জনপ্রতিনিধি বিভাস ঘোষের সাম্প্রতিক আইনি পদক্ষেপ এবং তার বয়ান রাজ্য রাজনীতির এক অন্ধকার দিককে ফের প্রকাশ্যে নিয়ে এল।
জানা গিয়েছে, হুগলির শ্রীরামপুরের বাসিন্দা জে. এইচ. চৌধুরী নামে এক ব্যক্তি নিজেকে রাজনৈতিক দল পরিচালনা করার সংস্থার এক পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভাসবাবুর সঙ্গে এক মেগা ‘চুক্তি’ করেছিলেন। চুক্তির শর্তগুলো দেখলে যে কোনও সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। বিভাসবাবুর অনুগত ২০ জনকে সরকারি চাকরি, ফের ঘাটাল পুরসভার চেয়ারম্যানের চেয়ারে প্রত্যাবর্তন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দাসপুর কেন্দ্র থেকে তৃণমূলের নিশ্চিত টিকিট! আর এই আকাশকুসুম প্রতিশ্রুতির মূল্য হিসেবে ধার্য হয়েছিল দু’কোটি ১০ লক্ষ টাকা। এর মধ্যে এক কোটি ১০ লক্ষ টাকা ব্যাঙ্কের মাধ্যমে এবং বাকিটা নগদে মেটানো হয়। কিন্তু শেষমেশ প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, তৃণমূলের রাজ্যস্তরের এক টপ নেতার নামাঙ্কিত জাল ‘প্রেস রিলিজ’ কাণ্ডে জড়িয়ে গত বছর অক্টোবর মাসের ১৪ তারিখে খোদ বিভাসবাবুকেই গ্রেফতার হতে হয়। প্রতারিত হয়ে সম্প্রতি তিনি মেদিনীপুর জজ আদালতে মামলা দায়ের করেছেন।
কিন্তু এখানেই রাজনৈতিক বিশ্লেষকেরা ঘটনার গভীরে গিয়ে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। প্রথমত, তিনিও তাহলে বাজার থেকে টাকা তুলেছিলেন, তা না হলে এতো টাকা পেলেন কী করে? একজন কাউন্সিলর বা প্রাক্তন পুরপিতার বৈধ আয় কত হতে পারে যে তিনি দু’কোটি টাকারও বেশি অনায়াসে ‘বিনিয়োগ’ করতে পারেন? অনুগামীদের যে ২০টি চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই চাকরিপ্রার্থীদের কাছ থেকেই কি তাহলে এই বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল?
দ্বিতীয়ত, বিভাস ঘোষ রাজনীতিতে কোনও আনকোরা নবীন মুখ নন। ২০১০ সাল থেকে তিনি টানা কাউন্সিলর, ২০১২ থেকে ২০২২ পর্যন্ত টানা চেয়ারম্যান বা প্রশাসকের দায়িত্ব সামলেছেন। এমন একজন পোড়খাওয়া রাজনীতিক কী করে একজন অচেনা ব্যক্তির কথায় বিশ্বাস করে কোটি কোটি টাকা তুলে দিলেন? তবে কি রাজনীতিতে টাকার বিনিময়ে পদ বা টিকিট কেনার রেওয়াজ এতটাই গা-সওয়া হয়ে দাঁড়িয়েছে যে, বিভাসবাবুও একে একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেই ধরে নিয়েছিলেন?
তৃতীয়ত, ওই রাজনৈতিক দল পরিচালনা করার সংস্থার নাম ভাঙিয়ে এই যে প্রতারণা, তা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কার্যপ্রণালীর কোন ছবি তুলে ধরছে? দলের শীর্ষনেতৃত্বের প্যাড ও সই জাল করা হচ্ছে, আর একজন অভিজ্ঞ নেতা সেটাকে সত্যি বলে মেনে নিচ্ছেন! এর অর্থ কি দলের নিচুতলার নেতাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সংযোগ এতটাই দুর্বল যে, ওই সংস্থার নাম নিলেই যে কাউকে ব্ল্যাকমেইল বা প্রলোভিত করা সম্ভব?
বিভাসবাবুর এই স্বীকারোক্তি কার্যত একটি ‘প্যান্ডোরাস বক্স’ খুলে দিয়েছে। তিনি হয়তো নিজে প্রতারিত হয়েছেন বলে আজ আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিল যে, ক্ষমতার মোহ এবং অনুগামীদের পাইয়ে দেওয়ার রাজনীতিতে নীতি বা আদর্শের আজ আর কোনও জায়গা নেই। শর্টকাটে ক্ষমতা দখলের এই বেআইনি ব্লু-প্রিন্ট সাধারণ মানুষের কাছে কেবল নেতিবাচক বার্তাই দেয় না, বরং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যেটুকু আস্থা অবশিষ্ট আছে, তাকেও ধ্বংস করে দেয়। রাজনীতি কি তবে এখন কেবলই কোটি টাকার ইনভেস্টমেন্ট আর রিটার্নের নির্লজ্জ খেলা? ঘাটালের ঘটনা সেই অস্বস্তিকর বাস্তবটিকেই আরও একবার দিনের আলোয় নিয়ে এল।

 

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।