এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চোখের জলে ভাসল রিয়েলিটি শোয়ের মঞ্চ, অভাবকে হারিয়ে ‘দিদি নম্বর ওয়ান’-এর মুকুট ক্ষীরপাইয়ের সুপ্রিয়ার মাথায়

Published on: August 11, 2026 । 11:32 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল||All about mehttps://linktr.ee/TriptiPaulKarmakar|| দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। দারিদ্রের অন্ধকারকে দূরে সরিয়ে সাফল্যের আলোয় উদ্ভাসিত হলেন ক্ষীরপাইয়ের ভূমিকন্যা সুপ্রিয়া ধড়ি। অভাবের সংসারে একসময় রং-তুলি কেনার সামর্থ্য ছিল না, সেই মেয়েটিই আজ অদম্য জেদ সম্বল করে গোটা বাংলার অনুপ্রেরণা। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান সিজন টেন’-এর মঞ্চে নিজের জীবনযুদ্ধের করুণ কাহিনি শুনিয়ে সেরার মুকুট বা উইনারের শিরোপা ছিনিয়ে নিলেন তিনি। মঙ্গলবার, ১১ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচারিত হওয়া ৩২ নম্বর এপিসোডে তাঁর এই জয় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অগণিত দর্শক।
বর্তমানে চন্দ্রকোণা রোডের বাসিন্দা সুপ্রিয়ার এই সাফল্যের নেপথ্যে রয়েছে এক বুকভাঙা যন্ত্রণার ইতিহাস। চরম আর্থিক অনটনের কারণে ছোটবেলায় প্রথাগতভাবে আঁকা শেখা তাঁর কাছে ছিল এক অধরা স্বপ্ন। কিন্তু যাঁর রক্তে মিশে আছে শিল্প, তাঁকে কি আর দমিয়ে রাখা যায়? অক্লান্ত পরিশ্রমে আজ তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী। পোর্ট্রেট, ক্যানভাস পেইন্টিং, ক্লে থ্রি-ডি আর্ট, লিপ্পন আর্ট, হ্যান্ডক্র্যাফ্ট থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি ও ধুতিতে হ্যান্ডপেইন্টিং—সব কিছুতেই তাঁর অবাধ বিচরণ। প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট হিসেবেও তিনি সমান দক্ষ। সোশ্যাল মিডিয়ায় ‘supriya Supi’ নামে তাঁর বিপুল পরিচিতি তৈরি হয়েছে। মেহেন্দির কোর্স করানোর পাশাপাশি ছোটদের আঁকা এবং কলকা আর্টও শেখান তিনি।
সুপ্রিয়ার লড়াই শুধু শিল্পের জগতেই সীমাবদ্ধ ছিল না, তা ছিল আক্ষরিক অর্থেই এক বেঁচে থাকার লড়াই। একাদশ শ্রেণি থেকেই নিজের পড়াশোনার খরচ জোগাতে টিউশনি পড়িয়েছেন, নির্ভর করেছেন স্কলারশিপের সামান্য টাকার উপর। নিজের শিল্পকর্ম থেকে হওয়া আয়ে অভাবের সংসারেও ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। জীবনের এই দীর্ঘ বন্ধুর পথে তিনি পাশে পেয়েছেন স্বামী রাজ রানাকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম উইং-এ কর্মরত স্বামীর পূর্ণ সমর্থন ও ভালোবাসায় সুপ্রিয়ার স্বপ্ন আজ নতুন ডানা মেলেছে। দিদি নম্বর ওয়ানের মঞ্চে তাঁর এই জয় আসলে প্রতিটি সাধারণ মেয়ের হার না মানা লড়াইয়ের এক জ্বলন্ত প্রতিচ্ছবি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad